আসন্ন গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উদয়খালী গ্রামে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধার বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(২৪ অক্টোবর)সন্ধ্যায় তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামের আশরাফুল ইসলাম বাবুলের বাড়ি সংলগ্নে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।সভাপতিত্ব করেন মাওলানা রুহুল আমীন প্রামানিক।
নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোসলেহ উদ্দিন মৃধা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের নানা সমস্যা ও দাবির কথা শোনেন।
অনুষ্ঠানে স্থানীয় নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের এলাকার রাস্তাঘাট, ব্যবস্থা, নাগরিক সেবা এবং সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
বক্তব্যে মোসলেহ উদ্দিন মৃধা এলাকাবাসীর কথা মনোযোগ দিয়ে শোনার পর নির্বাচিত হলে পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধান করার আশ্বাস দেন। তিনি বলেন, “জনগণের সেবক হিসেবে কাজ করাই আমার মূল লক্ষ্য। তেলিহাটি ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর।”
এ সময় তিনি মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।