গাজীপুর মহানগরীর হাজীবাগ এলাকায় এক সাংবাদিকের ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। প্রধান দরজার হেজবল ভেঙে চোর ঘরে প্রবেশ করে। ওয়ারড্রব ও আলমিরার ড্রয়ারে রাখা নগদ টাকা ও স্বর্ণ-রূপার অলংকারসহ মোট ৫ লাখ ২ হাজার টাকার বিভিন্ন মালামাল নিয়ে যায়। চুরির ঘটনায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে জিএমপির সদর থানায় একাটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক রায়হানুল ইসলাম আকন্দ।
চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে নগদ ১ লাখ ৭৭ হাজার টাকা, প্রায় দেড় ভরি স্বর্ণালঙ্কার এবং ৬ ভরি রূপার অলংকার।
এর আগে একইদিন সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে গাজীপুর মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের হাজীবাগ এলাকায় দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের (টাকশাল) উত্তর পাশের সীমানা প্রাচীর সংলগ্ন প্রবাসী মকবুল হোসেনের বাড়ির দ্বিতীয় তলার পশ্চিম পাশের ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক রায়হানুল ইসলাম আকন্দ ওই বাড়ির দ্বিতীয় তলার একটি ইউনিটে পরিবার নিয়ে ভাড়া থাকেন। তিনি অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
সাংবাদিক রায়হানুল ইসলাম আকন্দ জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তার স্ত্রী সন্তানদের নিয়ে স্কুলে চলে যান। ওই সময় বাসায় তালা দেওয়া ছিল। পরে স্কুল ছুটির পর সকাল ১১টার দিকে বাসায় ফিরে তার স্ত্রী প্রধান দরজার হেজবল ভেঙে ভাঙা অবস্থায় দেখতে পান। ঘরে ঢুকে বেডরুমের ওয়ারড্রব ও ড্রেসিং টেবিল এবং ছেলের ঘরে থাকা আলমিরার জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। ওয়ারড্রবের ড্রয়ার ও আলমিরার দরজা খোলা ছিল।
ভুক্তভোগীর দাবি, চোর ওয়ারড্রব ও আলমিরার ড্রয়ারে রাখা ১ লাখ ৭৭ হাজার টাকা, প্রায় দেড় ভরি স্বর্ণালঙ্কার এবং ৬ ভরি রূপার অলংকার নিয়ে গেছে। খবর পেয়ে ঘটনার দিন দুপুর তিনটার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সদর জোন) সোয়েব মোহাম্মদ বলেন, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) শাকিল আহমেদ জানান, চুরির ঘটনা নিয়ে পুলিশ ইতোমধ্যে তদন্ত কাজ শুরু করেছে। আশা করছি দুত সময়ের মধ্যে চোরকে সনাক্ত করে চুরি হওয়া মামমাল উদ্ধার করা হবে।