শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের প্রায় ৮ ঘণ্টা পর একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ইলিমবাড়ি এলাকায় স্থানীয় আবুল হোসেনের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুই শিশু হলো মো. জুনাইদ (৯) ও মো. ইউসুফ (৮)। জুনাইদ বিক্রমপুর জেলার বাসিন্দা মো. মামুনের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। অন্যদিকে ইউসুফ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার এমদাদুল হকের ছেলে। সে স্থানীয় একটি কওমি মাদ্রাসায় পড়াশোনা করত।
স্বজনদের বরাত দিয়ে জানা যায়, দুই শিশু তাদের মা-বাবার সঙ্গে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ইলিমবাড়ি এলাকায় বসবাস করত। মঙ্গলবার বেলা ১১টার দিকে তারা বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি।
বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয়রা আবুল হোসেনের পুকুরপাড়ে দুই শিশুর জুতা পড়ে থাকতে দেখেন। এতে তাদের পুকুরে ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিলে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।
খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আধা ঘণ্টার অভিযান শেষে সন্ধ্যা ৬টার দিকে পুকুর থেকে দুই শিশুর নিথর মরদেহ উদ্ধার করা হয়।
মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম বলেন, সকালে দুই শিশু নিখোঁজ হওয়ার পর বিকেলে পুকুরপাড়ে তাদের জুতা পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। পরে সন্ধ্যা ৬টার দিকে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ইলিমবাড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কীভাবে তারা পুকুরে ডুবে গেল, সে বিষয়ে সংশ্লিষ্টরা খোঁজখবর নিচ্ছেন।