শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গাজীপুরের শ্রীপুর পৌরসভার গারোপাড়া এলাকায় ‘এসো পূজা করি একতা সংঘের’ উদ্যোগে প্রথমবারের মতো শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। আয়োজক কমিটির উদ্যোগ ও সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পূজামণ্ডপে বিরাজ করছে আনন্দঘন পরিবেশ।
সংঘের সভাপতি শ্রী উজ্জ্বল চন্দ্র বর্মন জানান, সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই প্রথমবারের মতো এ পূজার আয়োজন করা হয়েছে। প্রথম বছরের আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পেরে তাঁরা আনন্দিত।
তিনি আরও জানান, ভবিষ্যতেও এ আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখে প্রতি বছর শারদীয় দুর্গাপূজা উদযাপনের পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে সরকার, স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।
আয়োজক কমিটির দায়িত্বশীলরা জানান, সবার সহযোগিতা পেলে আগামী বছরগুলোতে আরও বৃহৎ পরিসরে পূজার আয়োজন করা সম্ভব হবে। পাশাপাশি পূজার সব আনুষ্ঠানিকতা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ভক্ত, দর্শনার্থী ও স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন তাঁরা।
নতুন এ আয়োজনের মধ্য দিয়ে এলাকায় ধর্মীয় সম্প্রীতি, ঐক্য ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।