আওয়ামী লীগের ষড়যন্ত্র, নৈরাজ্য ও সামাজিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা শ্রমিক দল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শ্রীপুর পৌর এলাকার গরগরিয়া মাস্টারবাড়ি এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য সচিব আবুল কালাম প্রধানের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী ও পৌর বিএনপির আহ্বায়ক সদস্য আবুল হোসেন প্রধান। এছাড়া পৌর কৃষক দলের আহ্বায়ক শাহজাহান মিয়া, সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাই, ৫ নম্বর ওয়ার্ড ওলামা দলের সভাপতি দুলাল মৃধা, বিএনপি নেতা নজরুল ইসলাম, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তুহিন প্রধান, সুমন রানাসহ শ্রমিক দল, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি গরগরিয়া মাস্টারবাড়ি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
সমাবেশে বক্তব্যে আবুল হোসেন প্রধান বলেন, “গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশে নতুন করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির যে অপচেষ্টা চালাচ্ছে, তা এ দেশের সচেতন শ্রমিক ও সাধারণ জনতা কঠোর হস্তে দমন করবে। কোনো ধরনের দেশবিরোধী চক্রান্তকে গাজীপুরের মাটিতে সফল হতে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, যেকোনো ধরনের ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে স্থানীয় শ্রমিক দল ও বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শ্রমিকরাও অংশ নেন। সমাবেশ শেষে নেতাকর্মীরা আওয়ামী লীগের কথিত ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকার ঘোষণা দেন।